চুয়েট শিক্ষার্থীদের বীমা সুবিধা দিতে চুক্তি স্বাক্ষর জেনিথ লাইফের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা প্রদান লক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. শেখ মোহাম্মদ হুমায়ূন কবির এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব জনাব আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান জনাব মো. আনোয়ার হোসেন সরকার, চট্টগ্রাম অফিসের ইনচার্জ জনাব মো. তাওহিদুল ইসলাম, ইউর ক্যাম্পাস-এর সিইও জনাব মিলজার রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, চুয়েটের শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের বীমা কার্যক্রম এই প্রথম চালু করা হলো। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর (IPD) ও আউটডোর (OPD) চিকিৎসার জন্য নির্ধারিত পরিমাণ স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। এছাড়া কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর মনোনীত অভিভাবক বা বৈধ উত্তরাধিকারী নির্ধারিত পরিমাণ মৃত্যু দাবির অর্থ গ্রহণ করতে পারবেন।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমার ই-কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর। বীমা দাবিসংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে, ফলে সেবাগ্রহণ হবে আরও স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী।


