down of head

হাসপাতালে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে ঢাকা মেডিক্যাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে ‘পাগলা ঘণ্টা’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর পরিকল্পনা জানিয়েছে সরকার।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

প্রথম ধাপে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একইসাথে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরো জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেয়া হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে।

সম্পর্কিত খবর