৬১ লাখ টাকার দ্বন্দ্বে ‘বনলতা সেন’ মুক্তির আগেই

কয়েক দফা পিছিয়ে অবশেষে ঈদে মুক্তির ঘোষণা এসেছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে অর্থনৈতিক ও প্রযোজনা সংক্রান্ত জটিলতা, যা এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন তরুণ মজুমদার। দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি ঈদে মুক্তির ঘোষণা দিলে নতুন করে বিতর্ক সামনে আসে।

সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, সিনেমার নির্মাণে তিনি ধাপে ধাপে মোট ৬১ লাখ টাকা বিনিয়োগ করেছেন।

কিন্তু মুক্তির সময় তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি সেন্সর বোর্ডেও অভিযোগ জানিয়েছেন।
গণমাধ্যমে তিনি বলেন, ‘সিনেমার কাজ শুরুর সময় সবকিছু ঠিক ছিল। সহ প্রযোজক হিসেবে মুক্তি হওয়ার পর সিনেমা নির্মাণের জন্য প্রথমে ৪০ লাখ পরে আরো ২১ লাখসহ মোট ৬১ লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল।

পরবর্তীতে আমি সিনেমা নিয়ে কিছু জানতে চাইলে তিনি আমার সঙ্গে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে আমি টাকা ফেরত নিয়ে সিনেমা থেকে সরে যেতে চাইলে তিনি তা ফেরত দেননি। এরপর বাধ্য হয়েই আইনি পথে যেতে হয়েছে।’


অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

তিনি জানান, এটি ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে শুরু হওয়া একটি প্রকল্প।

সিনেমা প্রায় শেষ হওয়ার পর সুদসহ টাকা ফেরত দাবি করা হলেও তা সম্ভব ছিল না।
মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে। মুক্তির আগেই প্রতারণার অভিযোগ তুলে আদালতে যাওয়া দুঃখজনক।’

উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার চরিত্র অবলম্বনে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়া আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী।

সম্পর্কিত খবর