ইডরা শতভাগ দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান: আলমগীর চৌধুরী
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) শতভাগ দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান- এমন মন্তব্য করেছেন আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের সাবেক ভারপ্রাপ্ত সিইও মো. আলমগীর চৌধুরী। আজ দুপুরে আর্থিক খাতের অনলাইন নিউজ পোর্টাল অর্থবাংলা.কম-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয় একটি দীর্ঘ মন্তব্য উপস্থাপন করেন। তাঁর এই স্ট্যাটাস নিয়ে বীমা খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মো. আলমগীর চৌধুরী লিখেন, “বিমা সেক্টরে দুর্নীতিবাজ, গরিবের টাকা আত্মসাৎকারী, লবিংবাজ ও তেলবাজ যারা তাদের মত যোগ্য ব্যক্তি আর হয় না ইডরার নজরে। এটা পুরোটা দুর্নীতিগ্রস্থ সেক্টর। দু-একজন ছাড়া বাকি সবাই দুর্নীতিযুক্ত। ভালো, কর্মঠ, নীতিবানদের কোন মূল্য নেই এই সেক্টরে। সত্যি কথা বলার সাহস নেই অনেকের। ইডরা একটা শতভাগ দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী কর্মকর্তা দূর্নীতিমূক্ত না হলে এই সেক্টর কোনোদিন ঠিক হবেনা। আর ইডরাও কোনো দিন দূর্নীতি মুক্ত হবে না, সেক্টরও কোনো দিন ঠিক হবে না।”
তিনি আরো উল্লেখ করেন, “মার্কেটিং এর কর্মী কর্মকর্তারা গ্রাহকদের টাকা এনে কোম্পানির একাউন্ট-এ দিবে সেই টাকায় মালিক পক্ষ আর সিনিয়র ম্যানেজম্যান্ট নিজের আখের গোছাতে ব্যস্ত থাকবে।মেয়াদ শেষে গরীব গ্রাহকরা টাকা পাবে না, মাঠকর্মী কর্মকর্তারা মাইর খাবে। এই পথ থেকে বিমা সেক্টর রেহাই পাবে না। গ্রাহকদের টাকায় কোটি টাকা খরচ করে সেমিনারের নামে দেশ-বিদেশে ঘুরে বেড়ায় সিনিয়র কর্মকর্তারা ও মালিক পক্ষ। কিন্তু গ্রাহকদের হাজার টাকার চেক বছরের পর বছর দিচ্ছে না। এই সবকিছু ইডরা জানে, কিন্তু কোনো ব্যবস্থা নিবে না- কারণ ইডরার হিসাব ইডরা ঠিকভাবে সময় মতো বুঝে পায়। সরকারেরও কোনো নজরদারি নেই। আল্লাহ হেদায়েত দান করুন।”



