নেতিবাচক চরিত্রেই ঝুঁকছে দর্শক : রাজকুমার রাও
বলিউডে বর্তমানে আলোচিত এক নাম রাজকুমার রাও। সম্প্রতি তার ‘স্ত্রী ২’ সিনেমা মুক্তির পর রয়েছেন আরো বেশি চর্চায়। কারণ এ সিনেমার মধ্য দিয়ে রাজকুমার হয়ে উঠেছেন বাণিজ্যিক সিনেমার নায়ক। দুর্দান্ত অভিনয়ের জন্য এখন পর্যন্ত জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
বলিউডে বেশ কিছুসংখ্যক সিনেমায় কাজ করেছেন, তবে পর্দায় নেতিবাচক কোনো চরিত্রে এখনো দেখা যায়নি তাকে।
সাম্প্রতিক সময়ে দর্শকরা নেতিবাচক চরিত্র বেশি পছন্দ করছেন। বক্স অফিসেও সাফল্য পাচ্ছে সেসব সিনেমা। দর্শকপ্রিয়তা পাচ্ছে এ ধারার সিনেমাগুলো।
এবার রাজকুমার রাও কথা বলেলেন সেসব নিয়েই। সামাজিক মাধ্যম ইউটিউবের একটি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে রাজকুমার কথা বলেছেন শাহরুখ খানের ‘দেবদাস’ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে। মূলত নেতিবাচক সিনেমার বিষয়ে উদাহরণ হিসেবে তিনি রেখেছিলেন এ দুই সিনেমাকে। কেন এ ধরনের নেতিবাচক চরিত্র দর্শকের ভালোবাসা পেয়েছিল, এমন প্রশ্নের জবাবে রাজকুমার দেবদাস সিনেমা নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘দেবদাস সিনেমাটি সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ থেকে অনুপ্রাণিত হয়ে। গল্পটি দেবদাসের নিজের নেয়া ভুল সিদ্ধান্তগুলো কীভাবে তার জীবনের এমন পরিণতি তৈরি করে, তা দেখায়। এ সিনেমার গল্প তুলে ধরেছে কীভাবে ধীরে ধীরে দেবদাসের জীবন অবনতির দিকে যায়, যেখানে সে তার বাড়ি ও পরিবারসহ সবকিছু হারিয়ে ফেলে।’
রাজকুমার রাও বলেন, ‘এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা কেবল একটি গল্প উপস্থাপন করছেন এবং এর মধ্য দিয়ে কোনোভাবেই দর্শককে শাহরুখের চরিত্রটিকে আদর্শ চরিত্র বলে গ্রহণ করতে বলেননি। যদি কেউ দেবদাস দেখে সেটা অনুকরণ করে, তাহলে সমস্যাটা তার নিজের।
পাশাপাশি গত বছরের বেশ সমালোচিত সিনেমা ‘অ্যানিমেল’ নিয়েও তার ছিল ভিন্ন ভাবনা। তিনি জানিয়েছেন, সিনেমার কিছু দৃশ্য নিয়ে তার আপত্তি থাকলেও সব মিলিয়ে পুরো সিনেমাটি উপভোগ করেছেন। মূলত তিনি রণবীর কাপুরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন, এমন অভিনয়কে মন জয় করা অভিনয় বলেছেন রাজকুমার।
রাজকুমার বলেন, ‘সিনেমার নামই অ্যানিমেল, ফলে আগে থেকেই নাম চরিত্রটি কেমন হবে তা অনুমেয়। দর্শকেরই এখন এমন কিছু পছন্দ। দর্শক সিনেমায় একজন সভ্য নাগরিকের পরিবর্তে চরিত্রের হিংস্র, অদম্য দিকগুলো দেখতে চায়।’
সদ্য মুক্তি পাওয়া রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের হরর কমেডি সিনেমা ‘স্ত্রী ২’ রীতিমতো বক্স অফিসে রেকর্ড করেছে। মাত্র ৯০ দিনে এটি ভারতে ৩০০ কোটি আয় তুলে নিয়েছে। বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটির বেশি।
এন এস



