পদ্মা সেতুর পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রদত্ত সরকারি ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধের চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। গতকাল সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কিস্তির টাকার চেক অর্থ বিভাগের সচিবের হাতে তুলে দেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সচিব মো. সালাহ উদ্দিন এবং সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু চালুর পর থেকে এখন পর্যন্ত ঋণের ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। এর আগে ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে।



