ঝুঁকি নিতে না চাইলে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করুন — বিএসইসি চেয়ারম্যান
বিনিয়োগকারীদের জেনেবুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে বলেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পাশাপাশি যারা বেশি ঝুঁকি নিতে চান না, তাদের মিউচুয়াল ফান্ড ও বন্ড মার্কেটে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিএসইসি ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ময়মনসিংহে আয়োজিত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’-এ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলার টাউন হল মোড়ে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।



