পূবালী ব্যাংকের ২০ লাখ শেয়ার কিনবে ট্রাউজার লাইন
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের ২০ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাউজার লাইন লিমিটেড। পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ একইসঙ্গে ট্রাউজার লাইনের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ঘোষণাকৃত শেয়ার ক্রয় করবে ট্রাউজার লাইন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯৫০ কোটি ৪৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ শেয়ার।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ২০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪১ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে।


