দুই কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ। এর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা দুপুর ১২টায় ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ১১ পয়সা।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬০ পয়সা বা ৩৬ দশমিক ৩৬ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৯৭ পয়সা।



