আন্তর্জাতিক বাজারে নয় মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে নয় মাসের সর্বনিম্নে নেমেছে। গতকাল এ দরপতনের ঘটনা ঘটে। ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণেই চাপের মুখে পড়েছে মূল্যবান ধাতুটির বাজার। এমন পরিস্থিতিতে মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরো জোরদার করতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর নাসডাক।
তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১ হাজার ৭২৮ ডলার ৫৮ সেন্টে। এর আগে ধাতুটির দাম ১ হাজার ৭২২ ডলার ৩৬ সেন্টে নেমে গিয়েছিল, যা গত বছরের ৩০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭২১ ডলারে নামতে পারে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭২৭ ডলার ২০ সেন্টে।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে ২০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফলে অন্য মুদ্রাধারী ক্রেতাদের জন্য ধাতুটির দাম ব্যাপক বেড়েছে। এ কারণে চাহিদায় ধস নেমেছে।


