মহাখালী টার্মিনাল থেকে গাজীপুর আসতেই লেগে যাচ্ছে ৩-৪ ঘণ্টা
ঈদে ঘরেফেরা মানুষের সংখ্যা ও যানবাহনের চাপ বেড়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, টঙ্গী বাজার, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের চন্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস এবং চেরাগাআলী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রী সংখ্যা ও যানবাহনের চাপ বেশি রয়েছে। আব্দুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকায় মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের পথে বের হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে সাড়ে ৩-৪ ঘণ্টা লেগে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা।
তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মহাসড়কের গাজীপুর অংশে ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে জিএমপি’র ট্রাফিক বিভাগ ও সড়ক বিভাগের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশসহ অতিরিক্ত সংখ্যক নিরাপত্তা কর্মী।


