যুদ্ধ সত্ত্বেও প্রায় ৫ কোটি টন শস্য রফতানি ইউক্রেনের
চলতি মাসের প্রথম পাঁচদিনে ১ লাখ ৪৮ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে ইউক্রেন। এতে দেশটির চলতি মৌসুমের রফতানি ৪ কোটি ৭২ লাখ টনে উন্নীত হয়েছে। সম্প্রতি ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ১ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার টন গম, ২ কোটি ২৪ লাখ টন ভুট্টা ও ৫৭ লাখ টন যব রফতানি করা হয়েছে। জুনে সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে ভুট্টা।
তথ্য বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগে ইউক্রেন এক মাসেই রফতানি করেছিল ৬০ লাখ টন খাদ্যশস্য। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় রফতানির পরিমাণ কমে ১০ লাখ টনে নেমেছে। এ কারণে খাদ্যশস্যের বৈশ্বিক সংকট প্রকট হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের দেয়া তথ্য বলছে, ২০১৯-২০ মৌসুমে ইউক্রেন ৫ কোটি ৪৯ লাখ টন গম, ভুট্টা ও যব রফতানি করেছিল। কিন্তু ২০২০-২১ মৌসুমে রফতানি কমে ৪ কোটি ৪৯ লাখ টনে নেমে যায়। নিম্নমুখী গম উৎপাদন রফতানি কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। জানা গিয়েছে, রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেন চলতি বছরের জন্য ৬ কোটি ৩৭ লাখ টন খাদ্যশস্য রফতানির প্রাক্কলন করেছিল।



