অতিরিক্ত ৬৩৭ কোটি ডলার আয়ের সম্ভাবনা দেখছে রাশিয়া
চলতি মাসে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস বিক্রি থেকে অতিরিক্ত ৬৩৭ কোটি ডলারেরও বেশি আয়ের সম্ভাবনা দেখছে রাশিয়া। দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ কথা জানিয়েছে। খবর অয়েলপ্রাইস ডটকম।
তথ্য বলছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম, বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের বাজার ঊর্ধ্বমুখী। আর ঊর্ধ্বমুখী বাজার থেকে বেশ ভালো পরিমাণ মুনাফা তুলে নিচ্ছে রাশিয়া।
সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। এতদিন জ্বালানি খাত নিষেধাজ্ঞার কবলমুক্ত থাকলেও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নেতারা দেশটি থেকে জ্বালানি তেল আমদানি ৯০ শতাংশ বন্ধে একমত হয়েছেন। কিন্তু এর পরও রাশিয়ার জ্বালানি তেল রফতানি আয় বাড়বে। কারণ স্থানীয় চাহিদা মেটাতে ইউরোপকে রাশিয়া থেকে স্বল্প পরিমাণে হলেও জ্বালানি তেল আমদানি করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পর থেকে জ্বালানি তেল বিক্রিতে এশিয়ার দিকে ঝুঁকেছে রাশিয়া। কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশটি এশীয় দেশগুলোর সঙ্গে জ্বালানি পণ্য বাণিজ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী, চলতি মাসে জ্বালানি তেল ও গ্যাস রফতানি করে ৩৯ হাজার ৩০০ কোটি রুবল বা ৬৩৭ কোটি ডলার অতিরিক্ত আয়ের প্রত্যাশা করছে রাশিয়া।
রাশিয়া জানায়, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামের কারণে মে ও জুন মাসে অতিরিক্ত বাজেট আয় আসতে পারে ১ হাজার ৬৬ ডলার।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি পণ্যের দাম বাড়ার সুফল ভোগ করছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি পণ্য রফতানি আয় ব্যাহত করার লক্ষ্য নিয়েই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু তাতে সুফল মেলেনি। কারণ মস্কো এখনো এ খাত থেকে অতিরিক্ত ডলার আয় করে নিচ্ছে, যা দেশটিতে যুদ্ধের ব্যয় বহনে সহায়তা করছে।
জ্বালানি তেল রফতানিতে দেশটি এখনো বড় কোনো ধাক্কা খায়নি। বরং ইউরোপীয় ইউনিয়ন প্রাকৃতিক গ্যাস রফতানি অব্যাহত আছে। বিশেষ করে এ অঞ্চলের বড় ব্যবহারকারী জার্মানি ও ইতালি দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস আমদানি করছে।
রাশিয়া জানায়, চলতি মাসে দেশটি জ্বালানি তেল উত্তোলন ঘুরে দাঁড়াবে। এছাড়া ইউরোপের বাইরে নতুন বাজার খুঁজে পেতে আত্মবিশ্বাসী দেশটির খাতসংশ্লিষ্টরা। রাশিয়া এরই মধ্যে ভারত ও চীনের বাজারে জ্বালানি তেল রফতানি বাড়াচ্ছে।



