বন্ড ইস্যুর সিদ্ধান্তে সংশোধন এনেছে ইফাদ অটোজ
বন্ড ইস্যুর ক্ষেত্রে নিরাপত্তা ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। আগে কোম্পানিটি কুপন বিয়ারিং নন-কনভার্টিবল ফুললি রিডিমেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সংশোধনী সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি এখন ৩০০ কোটি টাকার ফুললি সিকিউরড বন্ড ইস্যু করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করতে চায় ইফাদ অটোজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ইফাদ অটোজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৭ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৬ পয়সায়।



