দৌলতদিয়ায় ৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ নেই। তবে চাপ রয়েছে যানবাহনের। ফেরি ও ঘাট সঙ্কটে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফিড মিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
রোববার সকালে ঘাটে অবস্থান করে এ চিত্র দেখা গেছে। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফিড মিল এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে দুই শতাধিক বাস, প্রাইভেটকার ফেরির অপক্ষোয় রয়েছে। এছাড়াও গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এরমধ্যে কিছু বাসও রয়েছে।
জানা গেছে, বর্তমানে এই রুটে ১৯টি ফেরির মধ্যে চলাচল করছে ১৭টি। এছাড়া দৌলতদিয়া প্রান্তের চারটি ফেরি ঘাটের তিনটি ঘাট সচল রয়েছে। নদীর পানি বাড়ায় সকাল ১০টা থেকে ৫ নম্বর ঘাট বন্ধ রেখে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। পরবর্তীতে ৩ নম্বর ঘাট বন্ধ করে উঁচু করার কাজ শুরু করা হয়। যার কারণে দৌলতদিয়ায় যানবাহনের সারি তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, এ নৌ-রুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। এবং দৌলতদিয়া প্রান্তে ঘাট সচল আছে তিনটি। যে কারণে যানবাহনের কিছু সারি তৈরি হয়েছে।



