‘রণলিয়া’র বিয়ে মিটতেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত কারিশ্মার?
বেশ ঝাঁকজমক আয়োজনেই সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের রোমান্টিক কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি কারিশ্মা কাপুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখার পর থেকে অনুরাগীদের মনে হরেক রকম প্রশ্ন। তবে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন কারিশ্মা?
যে ছবিটি পোস্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছে, আলিয়ার ‘কলিরা’ রীতি পালনের সময়ে ‘কলিরা’টি কারিশ্মার হাতে এসে পড়ে। সেই আনন্দ ধরে রাখতে পারেননি রণধীর কাপুরের বড় কন্যা। উল্লাসে চিৎকার করে ওঠেন তিনি। আনন্দের চোটে আলিয়া-রণবীরের বিয়ে উপলক্ষে বানানো কেকের উপরেই হুমড়ি খেয়ে পড়ছিলেন নায়িকা।
পাঞ্জাবি রীতিতে বিয়ের সময়ে কনে হাতে চুড়ির সঙ্গে ‘কলিরা’ পরেন। সে-ও এক ধরনের সোনার গয়না। প্রথা অনুযায়ী, কনে হাত ঝেড়ে সেই কলিরা হাত থেকে ফেলে দেন। সেই গয়না যে মেয়ের হাতে গিয়ে পড়ে, মনে করা হয়, তার বিয়েও আসন্ন।
উল্লেখ্য, ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশ্মার। ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ। ১১ বছরের দাম্পত্য তিক্ততায় ভরে উঠেছিল। ২০১৪ সালেই কারিশ্মা বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তার দু’বছর পরে দুই সন্তান সামায়রা এবং কিয়ানকে নিয়ে আলাদা হয়ে যান অভিনেত্রী।



