বিমানবন্দরে যৌন হেনস্তার শিকার আয়েশা টাকিয়া
বিমানবন্দরে বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সপরিবারে মুম্বাইয়ে যাওয়ার জন্য গোয়া বিমানবন্দরে এসেছিলেন তারা। সেখানেই তাকে জোর করে লাইনচ্যুত করেন বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা। আয়েশার স্বামী ফারহান আজমি টুইটারে এ অভিযোগ করেন।
ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফারহান। তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তারক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
ফারহান জানান, বিমানবন্দরে তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলে অপমান করা হয়। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। তারপরই রাগে ফেটে পড়েন তিনি।
তার টুইটের প্রতিক্রিয়ায় পরে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে এ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে


