দুই কোম্পানির লেনদেন বন্ধ আজ
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আজ বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ও সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুটির লেনদেন একদিন বন্ধ থাকার পর আগামীকাল পুনরায় চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩১ মার্চ এজিএম করবে বাংলাদেশ ফাইন্যান্স। কোম্পানিটির লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ।
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বাংলাদেশ ফাইন্যান্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ।


