জিম্বাবুয়ের তুলা রফতানি আয় বেড়েছে
বিদায়ী বছর জিম্বাবুয়ের তুলা রফতানি আয় বেড়েছে ১৩২ শতাংশ। আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০২ কোটি ২০ লাখ ডলারে। খবর হেরাল্ড।
তথ্য বলছে, এক দশক ধরেই নিম্নমুখী পরিস্থিতির মধ্যে রয়েছে জিম্বাবুয়ের তুলা উৎপাদন। ফলে এ খাত থেকে রফতানি আয়ও কমতির দিকে ছিল। ২০১৫-১৬ মৌসুমে দেশটি সর্বনিম্ন ২৮ হাজার টন তুলা উৎপাদন করেছিল। কিন্তু গত বছর উৎপাদন ও রফতানিতে লক্ষণীয় প্রবৃদ্ধি এসেছে।
তুলা খাতে প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে প্রধান ভূমিকা পালন করেছে দেশটির সরকার। আর্থিক ও অন্যান্য সহায়তার কারণে কৃষকদের মাঝে পণ্যটি উৎপাদনে উৎসাহ বাড়ছে।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশে উৎপাদিত তুলার ৩০ শতাংশই ব্যবহার করে জিম্বাবুয়ে। বাকি ৭০ শতাংশ বিশ্বের বিভিন্ন প্রান্তের টেক্সটাইল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।



