বিএটিবিসির লেনদেন বন্ধ আজ
লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের লেনদেন আজ বন্ধ থাকবে। এর আগে গত দুই কার্যদিবস স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর আগে এ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি, যা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে ২০২১ হিসাব বছরের জন্য ২৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। এজন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
সমাপ্ত হিসাব বছরে বিএটিবিসির ইপিএস হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ১৬ পয়সা।



