বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ৪ প্রতিষ্ঠান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) আরো চারটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠানের আটটি সেবা পাওয়া যাবে ওএসএসের মাধ্যমে। বিডার পক্ষে এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।
সিস্টেম ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া চারটি প্রতিষ্ঠান হচ্ছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, বিস্ফোরক পরিদপ্তর, মেঘনা ব্যাংক লি. এবং ওয়ান ব্যাংক লি.। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডার উপপরিচালক সৈয়দা সাদিয়া নূরীয়া, সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং ওএসএসের কার্যক্রম তুলে ধরেন বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।
মোহসিনা ইয়াসমিন বলেন, উন্নত দেশ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সেবার মাধ্যমে আমাদের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা নেয়ার জন্য বিনিয়োগকারীদেরও এগিয়ে আসতে হবে। তাদের মনোভাব পরিবর্তন করতে হবে। সেবা দাতা এবং গ্রহীতা উভয়কেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের প্রস্তুতি এবং নানা আয়োজন সত্ত্বেও সেবাগ্রহীতারা আমাদের কাছে তেমন আসেন না। যারা সেবা নিচ্ছেন না তাদের সেবা নেয়ার আহ্বান জানাই।
বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, ওএসএসের মাধ্যমে বিনিয়োগে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে অতি কম সময়ে বিনিয়োগকারীরা আন্তর্জাতিক মানের সেবা পেতে পারেন।
উল্লেখ্য, এর আগে বিডার সঙ্গে ৩৫টি সংস্থা সমঝোতা স্মারক সই করেছে। ১৮টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এখন আরো চারটি প্রতিষ্ঠানের আটটি সেবা যুক্ত হলো। এসব সেবার মধ্যে রয়েছে বিস্ফোরক লাইসেন্স ইস্যুকরণ ও নবায়ন, বয়লার আমদানির অনাপত্তি সনদ, বয়লার নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, বয়লার সনদপত্র নবায়ন, মালিকানা পরিবর্তন, ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি।



