দেশীয় পণ্যে বিদেশীদের আকৃষ্ট করতে কাজ করছে সরকার
আমদানিনির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত পণ্যে বিদেশীদের আকৃষ্ট করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ লক্ষ্যে সৎ ও পরিশ্রমী ব্যবসায়ীদের সহযোগিতার জন্যও সরকার সবসময় প্রস্তুত। সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের নাগালে রাখতে সরকার ভর্তুকি দেবে বলেও জানান মন্ত্রী।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেন, স্থানীয় সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, তানভীর ইমাম, আব্দুল মমিন মন্ডল ও ডা. আব্দুল আজিজ সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার এবং পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে দেশেও বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। তবে সরকার আসন্ন রমজানে ভর্তুকির মাধ্যমে এক
কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে। মন্ত্রী জানান, ইউক্রেন সংকটের কারণে দেশীয় বাজারে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবেলা করতে তাদের টসিবির পণ্যের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরো বলেন, সরকার নির্ধারিত দামের বেশিতে কেউ পণ্য বিক্রি করলে প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া আছে।
মেলায় তাঁতের তৈরি শাড়ি, গামছাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল, মণিপুরি তাঁত শিল্প ও জামদানি বেনারসির মোট ১২০টি স্টল স্থাপন করা হয়েছে।



