down of head

গ্রামজুড়ে বাঘ আতঙ্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাত গ্রামের মানুষের মধ্যে চার দিন ধরে বাঘ আতঙ্ক বিরাজ করছে। হিংস্র প্রাণীর আক্রমণে কয়েকটি গ্রামের ৭ ব্যক্তির আহত হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এ আতঙ্ক শুরু হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মসজিদে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয়। আবার অনেকেই লাঠি হাতে টহল দিচ্ছেন এলাকাজুড়ে।

আহতরা হলেন- আলীরাজাপুর গ্রামের আ. খালেক (৭০), কবির মিয়ার ছেলে খোকন মিয়া (২২), রাণীরকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মানিক মিয়া (৪৫), ছৈয়দ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪), অজ্ঞাতনামা এক ভিক্ষুক মহিলা, কালিশিড়ী গ্রামের আ. সহিদ (৬৭) ও মাহফুজ মিয়ার মেয়ে শিল্পী আক্তার (২২)। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় খালেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে বন বিভাগ জানিয়েছে, আক্রান্ত ৭ ব্যক্তিকে বাঘ নয়, হিংস্র শেয়াল আক্রমণ করতে পারে। ভয় না পেয়ে সতর্ক হয়ে চললে এটি এড়ানো সম্ভব। শুক্রবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আহতদের সঙ্গে দেখা করেছেন। তাদের চিকিৎসায় অর্থ সহায়তা করেছেন।

আহতরা জানান, বাঘের মতো দেখতে প্রায় তিন ফুট লম্বা প্রাণীটি। গায়ে ডেরাকাটা দাগ এবং লেজ লম্বা ও মুখ চিক। তবে বন বিভাগ বলছে, এটি শিয়াল বা মেছো বিড়াল হতে পারে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আহতদের দেওয়া বর্ণনা শুনে ওই প্রাণীটিকে প্রাথমিকভাবে শেয়াল হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, বাঘ আক্রমণ করলে পেছন থেকে করতো, গায়ে থাবার দাগ বসাতো এবং মেরে ফেলার চেষ্টা করত। আহতদের বর্ণনা শুনে মনে হচ্ছে শিয়াল হতে পারে। কোনো কারণে ক্ষিপ্ত হয়ে গেলে শেয়াল এমন আচরণ করে। তবে এটা বেশি দিন করবে না।

 

সম্পর্কিত খবর