হিলিতে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪ টাকা
চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি কিছুটা বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ৩ দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা করে। তিনদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আইয়ুব হোসেন বলেন, গত একসপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়তির দিকে ছিল। এখন বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন কিছুটা বেড়েছে তেমনি দাম কিছুটা কমেছে।দাম যদি আরো কমে তাহলে আমাদের কিনতে যেমন সুবিধা তেমনি সাধারণ মানুষ কম দামে পেঁয়াজ খেতে পারবে।
হিলি স্থলবন্দরের পেয়াজ ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পেঁয়াজ উঠেছে। যার কারণে বাজারগুলোতে সেইসব পেঁয়াজের সরবরাহ যেমন বেড়েছে তেমনি দাম কম থাকায় মানুষ এখন দেশীয় পেঁয়াজ খাচ্ছে। আবার বার্মা থেকে আসা পেঁয়াজের মান ভারতীয় পেঁয়াজের চেয়ে তুলনামুলক ভাল হওয়ায় ও দাম কম হওয়ার কারণে ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে বার্মার পেঁয়াজ কিনছেন।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ একটু বেড়েছে। আগে যেখানে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন তা বেড়ে ১৫ থেকে ২০ ট্রাক হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিনে ১৭টি ট্রাকে ৪৮৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।



