হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
বাঁচার জন্য হাঁটা আর হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে আমির হোসেন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিলাহাটি রকেট ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ঢোকার সময় পাওয়ার হাউস কলোনি কবরস্থান সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি শহরের প্রাণকেন্দ্র ইসলামপুরে।
এ বিষয়ে কোনো আপত্তি না থাকায় রেলপুলিশ মৃতের ভাই শাহিন আলমের কাছে লাশ হস্তান্তর করেছে।
জানা গেছে, শহরের বাড়িতে জানাজা শেষে গ্রামের বাড়ি পলাশবাড়ী ইউনিয়নের চকমুসায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, বেখেয়ালবশত লাইনের ধার দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে পার্বতীপুরে লালমনিরহাট কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর রেলস্টেশন থেকে ছেড়ে রংপুর যাওয়ার উদ্দেশে ৬২নং ডাউন লালমনিরহাট কমিউটার ট্রেন বৃহস্পতিবার দুপুরে স্টেশন অদূরবর্তী লেভেল ক্রসিংয়ে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
এ ব্যাপারে স্টেশনমাস্টার শওকত আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ট্রেন লাইনচ্যুতির কারণ টেকনিক্যাল ও প্রকৌশলগত ব্যাপার। ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে তারা তদন্তপূর্বক রিপোর্ট দেবেন।



