মার্জিন ঋণে আরো ছাড় দিল বিএসইসি

পুঁজিবাজারে তারল্য প্রবাহ ধরে রাখতে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে আরো ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগের নির্দেশনায় সূচক ৮ হাজার পয়েন্ট পর্যন্ত ১: শূন্য দশমিক ৮০ অনুপাতে ঋণ সুবিধা থাকলেও এবার সূচকের এ সীমা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে এখন থেকে সূচক যাই থাকুক না কেন পিই রেশিও ৪০ পর্যন্ত যেকোনো শেয়ারে মার্জিন ঋণ সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কমিশন।

এর আগে গত ১২ আগস্ট বিএসইসির নির্দেশনায় বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের নিচে থাকলে বিনিয়োগকারীরা ১: শূন্য দশমিক ৮০ অনুপাতে মার্জিন ঋণ পাবেন। অর্থাৎ একজন বিনিয়োগকারীর যত টাকার বিনিয়োগ রয়েছে তার ৮০ শতাংশ অর্থ তিনি মার্জিন ঋণ হিসেবে পাবেন। আর ডিএসইএক্স সূচক ৮ হাজার ১ বা এর বেশি হলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা ১: শূন্য দশমিক ৫০ অনুপাতে মার্জিন পাবেন। এর মানে মোট বিনিয়োগকৃত অর্থের অর্ধেক মার্জিন ঋণ হিসেবে পাওয়া যাবে।

এর আগে এ বছরের ৪ এপ্রিল জারি করা নির্দেশনা অনুসারে, ডিএসইএক্স সূচক ৭ হাজারের নিচে থাকলে ১: শূন্য দশমিক ৮০ অনুপাতে এবং সূচক ৭ হাজার ১ বা এর বেশি হলে ১: শূন্য দশমিক ৫০ অনুপাতে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের ২১ সেপ্টেম্বর সূচক বাড়ার সঙ্গে আনুপাতিক হারে মার্জিন ঋণের হার কমার শর্তারোপ করে নির্দেশনা জারি করেছিল কমিশন।

সম্পর্কিত খবর