৯ শতাংশ আয়কর আদায় কমেছে
দুই দফা সময় বাড়িয়ে রোববার (২ জানুয়ারি) শেষ দিনের মতো ২০২১-২০২২ করবর্ষের আয়কর রিটার্ন জমা নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (৩ জানুয়ারি) রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি পর্যন্ত মোট রিটার্ন দাখিল হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ২১ লাখ ৫১ হাজার ৩২৬টি। অর্থাৎ গত বছরের তুলনায় রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।
ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়লেও কর আদায় কিছুটা কমে গেছে। এবার রিটার্নের সঙ্গে পরিশোধিত করের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১ কোটি টাকা। গতবার এসময়ে ২১ লাখ ৫১ হাজার ৩২৬টি রিটার্নের বিপরীতে কর আহরণ হয়েছিল ৪ হাজার ১০ কোটি টাকা। গতবারের তুলনায় রিটার্ন ১ লাখ ৪৮ হাজার বাড়লেও কর আদায় কমে গেছে ৭২৯ কোটি টাকা অর্থাৎ ৯ শতাংশ।
গত ২ জানুয়ারি পর্যন্ত ই-রিটার্ন দাখিল হয়েছে ৬১ হাজার ২০৩টি। ই-রিটার্ন প্রস্তুতের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭৪৫টি। আর ই-রিটার্ন নিবন্ধনের সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫২১টি।
জানা গেছে, রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন করেছেন ৩ লাখ ৬২ হাজার ২৮২ জন করদাতা। নিয়মানুযায়ী, নির্ধারিত সময় পার হওয়ার পর করদাতা আবেদন করতে পারেন, যাকে বলা হয় রিট পিটিশন। আবেদন নিষ্পত্তি হতে ৩ থেকে ৬ মাস সময় লাগে। এর ফলে রিটার্ন জমার চূড়ান্ত হিসাব পাওয়া যাবে আগামী জুনের পর। গতবার আবেদনসহ রিটার্ন জমা পড়েছিল প্রায় ২৪ লাখ ৩১ হাজার।
ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। করোনা পরিস্থিতিতে ও ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
শেষ দুই দিন সরকারি ছুটি থাকায় ২ জানুয়ারি (রোববার) পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক দিন বাড়ায় রাজস্ব বোর্ড।এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে টিআইএন ধারীর সংখ্যা ৭০ লাখের বেশি।


