৮০ টাকা কেজি ডাল, ১৮১ টাকা লিটার রাইস ব্রাণ তেল কিনছে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৬১ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৮০ টাকা ১৭ পয়সা। আর রাইস ব্রাণ তেলের দাম ধরা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা লিটার।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ডাল ও তেল কেনার অনুমোদ দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণের লক্ষ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্রয়ে মোট ব্যয় হবে ৮০ কোটি ১৭ লাখ টাকা, যার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি রয়েছে।
জানা গেছে, মসুর ডাল ক্রয়ের জন্য দরপত্র আহ্বানের পর ৭টি দরপ্রস্তাব জমা পড়ে এবং সবগুলোই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সমানভাবে ৫ হাজার টন করে মোট ১০ হাজার টন মসুর ডাল প্রতি কেজি ৮০ টাকা ১৭ পয়সা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো ঢাকার মদিনা ট্রেডিং করপোরেশন এবং খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড।
একই বৈঠকে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। এ ক্ষেত্রেও অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি রয়েছে।
জানা গেছে, এই রাইস ব্রাণ তেল কেনার জন্য আহ্বান করা দরপত্রে ৫টি প্রস্তাব জমা পড়ে এবং সবগুলোই গ্রহণযোগ্য বিবেচিত হয়। টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে মোট ১ কোটি লিটার তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠান চারটির মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে রাইস ব্রাণ তেল কেনা হবে। এছাড়া যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে রাইস ব্রাণ তেল কেনা হবে।


