নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাসসহ সাত দাবি ব্যবসায়ীদের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে সমন্বিত শুল্ক-কর, আর্থিক ও রপ্তানি সহায়ক নীতিমালা প্রণয়ন এবং শিল্পের সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ সাত দফা প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে সংগঠনটি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, রপ্তানি প্রবৃদ্ধি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং নীতিগত সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা মাহদি আমিন। সভায় পণ্য বৈচিত্র্যকরণ, রপ্তানি খাত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সাত প্রস্তাবনা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ: উৎপাদন সচল রাখা এবং সময়মতো রপ্তানি নিশ্চিত করতে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কাস্টমস, ব্যাংকিং, গ্যাস ও বিদ্যুৎসহ সরকারি সেবা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ সমন্বয় ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়।

কাস্টমস বন্ড অডিট সহজীকরণ: ঘন ঘন অডিটের পরিবর্তে স্বীকৃত পেশাদার অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে একবার কাস্টমস বন্ড অডিট সম্পন্ন করার স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

অস্থায়ী কার্গো শেড নির্মাণ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী কার্গো শেড নির্মাণের আহ্বান জানানো হয়।

গাজীপুরে শ্রমিক হাসপাতাল: পোশাক শ্রমিকদের জন্য আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণে গাজীপুরে উপযুক্ত খাসজমি বরাদ্দের দাবি জানানো হয়।

বিএনবিসি সহজীকরণ: কারখানা সম্প্রসারণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) বাস্তবায়ন আরও সহজ করার প্রস্তাব দেওয়া হয়।

বেনাপোলে লজিস্টিকস সুবিধা: সুতা আমদানি সহজ করা, মিথ্যা ঘোষণা রোধ এবং ভারতে পোশাক রপ্তানি বাড়াতে বেনাপোল বন্দরে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর যৌথ সেবা কেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়।

বাটেক্সপো-২০২৬: আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য ‘বাটেক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলে তিনি সম্মতি জানান।

বর্জ্য পুনর্ব্যবহার নিয়ে আলোচনা

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সার্কুলারিটি নীতির আলোকে পোশাক খাতে শতভাগ বর্জ্য পুনর্ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ নেতারা টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারে সংগঠনের চলমান উদ্যোগ তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে পোশাক শিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি খাতটির সুরক্ষা, সচল কারখানার স্থায়িত্ব, নীতিগত সহায়তা সহজীকরণ এবং বন্ধ কারখানা পুনরায় চালু করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ ছাড়া বিজিএমইএর উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা ও বাস্তবায়নের জন্য বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

বিজিএমইএ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

সম্পর্কিত খবর