২৬.৩৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করবে আরডিআরএ
বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরানো এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে ফের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির উদ্যোগে আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে তৃতীয় দফায় ৭,৬৪১ জন পলিসিধারীর অনুকূলে মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ-এর জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পরিচালিত চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ বিতরণ করা হচ্ছে।
তৃতীয় দফায় যেসব কোম্পানি বীমা দাবি পরিশোধ করবে-
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ২,৩৪৮ জন গ্রাহককে ৯ কোটি টাকা
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: ২,১৪০ জন গ্রাহককে ৬ কোটি ৭৮ লাখ টাকা
সানলাইফ ইন্স্যুরেন্স: ১,৫৭৩ জন গ্রাহককে ৫ কোটি ৩৫ লাখ টাকা
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স: ১,৩৮১ জন গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স: ১৬৫ জন গ্রাহককে ৩০ লাখ টাকা
বায়রা লাইফ ইন্স্যুরেন্স: ৩৪ জন গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা
এর আগে দুই দফায় আইডিআরএ-এর উদ্যোগে মোট ৮,৪১৭ জন পলিসিধারীকে ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ২,৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন গ্রাহককে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা দেয়া হয়েছিল।
৪ অক্টোবরের তৃতীয় দফার পর সংস্থাটির বিশেষ উদ্যোগে তিন দফায় সব মিলিয়ে ১৬,০৫৮ জন পলিসিধারীকে মোট ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ সম্পন্ন হবে।
আইডিআরএ জানায়, ধারাবাহিক এই উদ্যোগ দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় এ সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।



