১৭ বছর ‘লিভ-ইন’ সম্পর্কের পর অবশেষে বিয়ে
অনেকেরই বিয়েতে অনীহা রয়েছে। কেউ কেউ বিয়ের পর সম্পর্ক টিকিয়ে রাখা নিয়ে বেশ ঝামেলায় পড়েন। কেউবা আবার ‘লিভ-ইন’ সম্পর্কে বিশ্বাস করে।
দীর্ঘ ১৭ বছর প্রয়াত বলিউড অভিনেতা ইউসুফ হোসাইনের কন্যা সাফিনা হোসাইনের সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হংসল মেহতা। এই সংসারে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। অবশেষে ৫৪ বয়সে নিজের ‘লিভ-ইন’ সঙ্গীকে আইনি স্বীকৃতি দিলেন তিনি। গত মঙ্গলবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হংসল-সাফিনা।
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে নিজেই সেই মুহূর্তকে সাক্ষী করে রেখেছেন হংসল মেহতা। তিনি জানিয়েছেন, ‘১৭ বছর পর আমাদের দুটি সন্তান। তাদের বড় হতে দেখে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো এটিও অনেক দেরিতে এবং অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালোবাসা অন্য সবকিছুর আগে প্রাধান্য পায়।’
মার্কিন মুলুকে পুরোপুরি ঘরোয়া আয়োজনে বিয়ের কাগজে স্বাক্ষর করছেন হংসল ও সাফিনা। ছবিতে তাদের সবাইকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। এদিকে এই জুটির বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোবিজের অনেকেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন।
এবারই প্রথম নয়, এর আগেও একটি বিয়ে করেছিলেন পরিচালক হংসল মেহতা। সেই সংসারে দুটি পুত্রসন্তানের বাবা তিনি। সুনীতা মেহতার সঙ্গে বিচ্ছেদের পরই সাফিনার সঙ্গে সম্পর্কে জড়ান এই নির্মাতা। দেরিতে হলেও তাদের সেই সম্পর্ক আইনি পূর্ণতা পেলো।
প্রসঙ্গত, হংসল মেহতা পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’।



