স্বদেশ লাইফে আকাশের পদত্যাগ, আসছেন কাওছার
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হেদায়েত হোসেন আকাশ। এদিকে নতুন সিইও হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দিচ্ছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড কাওছার। স্বদেশ লাইফের কার্যালয়ে ‘পদত্যাগ ও নতুন সিইও নিয়োগ’ সিদ্ধান্ত গ্রহণের সময় সাবেক সিইও ইখতিয়ার উদ্দিন শাহিন, ডিএমডি সাইফুল ইসলামসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ লাইফের মানব সম্পদ, উন্নয়ন প্রশাসন ডিএমডি ও কোম্পানী সেক্রেটারী মোঃ সাজিদ হোসেন সাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘ভারপ্রাপ্ত সিইওর হেদায়েত হোসেন আকাশের গতকাল পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে স্বদেশ কর্তৃপক্ষ। এখন থেকে তিনি কোম্পানীর অতিঃ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন। ‘
এ প্রসঙ্গে হেদায়েত হোসেন আকাশ অর্থবাংলাকে বলেন, ‘‘অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। প্রতিষ্ঠানের সকল নথিপত্র, তথ্যাবলী ও প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দিয়েছি। পাশাপাশি কোম্পানীর দেনা-পাওনা নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে সংকটকালীন সময় পার করছে প্রতিষ্ঠানটি- মূলত, সাবেক সিনিয়র ডিএমডি এ জেড কাওছারকে সিইও বানানোর জন্য আমাকে বাদ দেয়া হয়েছে। ’’
এদিকে স্বদেশ লাইফে নতুন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড কাওছার। আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে সূত্র জানিয়েছে।
এ প্রসঙ্গে কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড কাওছার অর্থবাংলাকে বলেন, ‘‘স্বদেশ লাইফ নিয়ে আলোচনা চলছে। অচিরেই সকল সংকট কেটে যাবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রাহক স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে-ইনশাআল্লাহ। ’’ এসময় নিয়োগ সংক্রান্ত বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘‘দৃশ্যমান হলে সবাইকে জানাবো।’’
ভারপ্রাপ্ত সিইওর পদত্যাগ ও নতুন সিইও নিয়োগ নিয়ে স্বদেশ লাইফের সাবেক সিইও ইখতিয়ার উদ্দিন শাহিন অর্থবাংলাকে বলেন, ‘‘প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে। সমসাময়িক বেশ কিছু ইস্যু উঠে এসেছে। হেদায়েত হোসেন আকাশ প্রায় এক বছর ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়ম মেনে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। বর্তমানে প্রতিষ্ঠান পরিচালনায় যোগ্য সিইও প্রয়োজন। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড কাওছারকে নিয়োগ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।


