সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শুরু হলো জাহাজ চলাচল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষ হওয়ার পর কক্সবাজারের জেলা প্রশাসনের অনুমতিক্রমে শুরু হয় জাহাজ চলাচল।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৩১০ পর্যটক নিয়ে যাত্রা শুরু করে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। দুপুর ১২টায় সেন্টমার্টিন ঘাটে পৌঁছে জাহাজটি। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের অভিজাত জাহাজ কেয়ারি ট্যুরস অ্যান্ড লিমিটেডের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ আলম জানান, করোনাভাইরাসের সংক্রমণ, জেটি সংস্কারসহ বিভিন্ন কারণে পর্যটক মৌসুম শুরু হলেও প্রশাসনের অনুমতি না থাকায় জাহাজ চলাচল বন্ধ ছিল। প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ধাপে ধাপে এ মাসে আরো জাহাজ চলবে।

তবে, মৌসুমের প্রথম মঙ্গলবার থেকে এ রুটে শুধু কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে অনুমতি দেয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে কেয়ারি সিন্দাবাদও চলাচল করবে বলে জানান শাহ আলম। তিনি বলেন, নৌ-মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও অনুমতি দিয়েছে। এতে করে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে আর কোনো বাধা রইল না। টেকনাফের দমদমিয়া ঘাট হয়ে নিয়মিত পথেই জাহাজগুলো চলাচল করবে।

বছরের প্রথম জাহাজ ছাড়ার আগেই সকাল থেকে পর্যটকদের সমস্যা ও জাহাজ কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী নিচ্ছে কিনা, তা তদারকি করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী। তিনি বলেন, কোনোভাবেই পর্যটক হয়রানি বরদাশত করা হবে না। অতিরিক্ত যাত্রী বহন করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজকে পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছে। জেটির অবস্থা বুঝে আবেদনকৃত বাকি জাহাজকে অনমুতি দেয়া হবে।

সম্পর্কিত খবর