down of head

সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে রোববার লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৫ হাজার ৩২৮ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ১ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে ১ হাজার ৯০৯ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৬ কোটি ৮৫ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৪৪০টি শেয়ার এক লাখ ৩৭ হাজার ৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

রোববার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১৪ কোটি আট লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ কোটি ৪ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ৯ কোটি ৮৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৭০ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৮ কোটি ৩ লাখ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭ কোটি ৯৫ লাখ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ কোটি ৯৪ লাখ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, দেশ গার্মেন্টস লিমিটেডের ৮ দশমিক ৪৮ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ দশমিক ৪৩ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৮৩ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৬ দশমিক ৯০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৫ দশমিক ৮৯ শতাংশ, রহিমা ফুড করপোরেশনের ৫ দশমিক ৮৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ৫ দশমিক ৪৯ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৫ দশমিক ৩৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে রোববার সিএসসিএক্স মূল্যসূচক ১২ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৯ হাজার ৭৪ দশমিক ৩৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১৫ হাজার ৬৬ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দর। সিএসইতে রোববার মোট ৬২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১৫ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ আগের কার্যদিবসের চেয়ে রোববার সিএসইতে ৫০৮ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এন এস

সম্পর্কিত খবর