লবণ ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি গঠন করবে সরকার

আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১-এর আওতায় একটি জাতীয় লবণ কমিটি গঠন করবে সরকার। এ কমিটি লবণের চাষ, প্রক্রিয়াজাত, আয়োডিন যুক্তকরণ, মজুদ ও বিক্রয় এবং লবণ কারখানার জন্য আয়োডিন সরবরাহ ও ব্যবস্থাপনা নীতির বিষয়ে সুপারিশ করবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় গতকাল এসব তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১: আবহিতকরণ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী জানান, ১৪ সদস্যের এ জাতীয় লবণ কমিটির নির্দেশনা অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের অধীনে আয়োডিনযুক্ত লবণ পর্যবেক্ষণ ও বাস্তবায়ন সেল কার্যক্রমগুলো নজরদারি করা হবে।

ভোজ্যলবণে আয়োডিন যুক্তকরণ এবং মানুষ ও অন্যান্য প্রাণীর খাদ্য তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করার জন্য বিদ্যমান আইন সংশোধন করা হয়েছে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, দেশের লবণ খাতের সার্বিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিদ্যমান আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ রহিত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ‘আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১’ প্রণয়ন করা হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, শুধু ব্যবসায়িক মুনাফার কথা বিবেচনা না করে সামাজিক দায়বদ্ধতা থেকেও এ কাজে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মকে সুস্থ ও মেধাবী করে তুলতে চান, তবে অবশ্যই এ আইনের নির্দেশনা অনুযায়ী সঠিক মাত্রায় মান বজায় রেখে ভোজ্যলবণে আয়োডিন যুক্ত করবেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিসিকের চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান এনডিসি, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (আইন) ড. এএফএম আমীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন।

সম্পর্কিত খবর