লন্ডনের বৈঠক অনেকের পছন্দ না- মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক অনেকের পছন্দ হয়নি; কারণ সংসদ নির্বাচন হয়ে গেলে তাদের গুরুত্ব থাকবে না।

গতকাল বুধবার রাজধানীর তুরাগ এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘ওই বৈঠক অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে।

যেই নির্বাচন হয়ে যাবে, জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে। তাই না? তখন তাদের গুরুত্ব থাকবে না। যে কারণে ওরা নারাজ। এ জন্যই নারাজ হয়ে একটি বৈঠকে (ঐকমত্য কমিশনের বৈঠক) হাজির হয়নি।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ফখরুল বলেন কোনো কিছু জোর করে, দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকার হরণ না করি। আইন যেন নিজের হাতে তুলে না নিই। ভালোবেসে তাদের কাছ থেকে ভোটটা নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘উত্তরা ৪ নম্বর সেক্টরে থাকতাম।
ওখানে তুষার নামের এক ছেলে, সে ডিশের ব্যবসা করত। আমার কানেকশনও সে দিয়েছিল। তো ইলেকশনের পর নতুন এমপি হলো। সে (তুষার) একদিন বাসায় আসছে, বললাম কী খবর তোমার? ব্যবসা কেমন চলছে? সে বলল, আওয়ামী লীগের এমপি তার ব্যবসা নিয়ে গেছেন। আওয়ামী লীগের লোককে দিয়েছেন।
এসব ঘটনার বিরুদ্ধেই কিন্তু আমাদের সংগ্রাম। আপনি যদি ওদের মতো করেন তাহলে আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার ১৫ বছর ধরে আমাদের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে আমরা এসব কিছুই করব না। তাদের পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

দলে নতুন সদস্য সংগ্রহের দিকনির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নেব না। আমরা বলি, আওয়ামী লীগ (দলে) নেব না। আমরা খারাপ লোককে নিতে চাই না। কিন্তু যিনি ভালো মানুষ, যিনি নতুনভাবে রাজনীতি করতে চান, তাঁর কথা অবশ্যই আমরা চিন্তা করব। একদম সব বাদ দিলে তো চলবে না। নতুন মানুষের চিন্তা করতে হবে, যাঁরা কিছু দিতে পারেন। আর আরেকটি কথা খুব জোর দিয়ে বলি। আমরা বুড়ো হয়ে গেছি। এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদের আসতে হবে। যুবকদের কাজ করতে হবে, দল তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশীদ খোকনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোস্তফা জামান প্রমুখ।

সম্পর্কিত খবর