লক্ষ্মীপুরে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি বিএনপির দুই শতাধিক নেতাকর্মী, গ্রেপ্তার ২
শহীদ মিনারে ফুল দিয়ে যাওয়ার পথে লক্ষ্মীপুরে রায়পুরে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় রাতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে উপজেলা সহ-সভাপতি সফিক ভূইয়া ও সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসসহ ৫৩ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ ভোররাতে রায়পুর শহরে অভিযান চালিয়ে বিএনপি কর্মী সোহেল হোসেন ও ইব্রাহিম খলিল নামে দুইজনকে গ্রেপ্তার করে।
তবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান অভিযোগ করে বলেন, শহীদ মিনারে ফুল দিয়ে ফিরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ। আর এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দ্রুত মামলা প্রত্যাহার ও হামলার তীব্র নিন্দা জানান বিএনপি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, সংঘষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে জুম্মান সুলতান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
উল্লেখ্য, রায়পুর উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপির নেতৃত্বে, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে শহীদ মিনার থেকে শহরের দিকে যাচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমাইল হোসেন খোকনের বাসার সামনে হলরোড এলাকা পৌঁছলে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই নিয়ে হলরোড, বাসস্টেশন ও হাসপাতাল এলাকায় দফায় দফায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত ২০নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



