রেপো সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। সম্প্রতি মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৫৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা হ্রাস এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণের ফলে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্নতা, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতির মুখ্য সূচকের পর্যালোচনার জন্য দেশের মুদ্রানীতি সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নে গঠিত মনিটারি পলিসি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের রেপো সুদহার বাড়ানো হয়।



