যুক্তরাষ্ট্রের তাপীয় কয়লার রফতানি কমেছে ২০%

বার্ষিক ও মাসিক হিসাবে প্রায় ২০ শতাংশ পতনের পর মে মাসে যুক্তরাষ্ট্রের তাপীয় কয়লা রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ লাখ টন। এ সময়ে সিআইএফ এআরএ মূল্যসূচক যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চে অবস্থান করছিল। ইউএস কানসাস ব্যুরো ও এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটের দেয়া তথ্যে এমনটা দেখা যায়।

সর্বশেষ মাসে যুক্তরাষ্ট্রের মোট রফতানীকৃত কয়লার ৪১ দশমিক ৮ শতাংশ দখল করে আছে তাপীয় কয়লা। এক বছর আগের তুলনায় দেশটির তাপীয় কয়লার রফতানির পরিমাণ কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। এদিকে মে মাসে সিআইএফ এআরএ মূল্যসূচকে কয়লার দাম যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ৩২৭ ডলার ৮৮ সেন্ট। প্ল্যাটস অ্যাসেসমেন্ট ও এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটের এক তথ্যে এমনটা দেখা যায়।

মূলত বিটুমিন ও সাববিটুমিন কয়লার জাহাজীকরণের পরিমাণ কমে আসায় তাপীয় কয়লা রফতানিতে এমন নেতিবাচক দৃশ্য দেখা যায়। বিটুমিন কয়লার রফতানি মাসিক হিসাবে ১৭ দশমিক ৬ শতাংশ ও বার্ষিক হিসাবে ২১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ২৪ লাখ টন। ২০২১ সালের তুলনায় বিটুমিন কয়লার রফতানি কমেছে ৫ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে মে মাসে সাববিটুমিন কয়লার রফতানি মাস ভিত্তিক ২৭ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৩৪৪ টন। এক বছর আগের তুলনায় সাববিটুমিন কয়লার রফতানি বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। ২০২১ সালের একই সময়ের তুলনায় পণ্যটির রফতানি বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।

সম্পর্কিত খবর