তথ্যমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করাই সরকারের লক্ষ্য

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতিতে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করাই সরকারের মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করতে চায় সরকার।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ইউরোপে জনশক্তি রফতানি সংক্রান্ত সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। তাই ‎বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশকে গড়ে তুলতে কর্মসংস্থান ও রেমিট্যান্সকে প্রাধান্য দিতে হবে। অতীতের ভুলকে ব্যবহার করে আগামীর বাংলাদেশকে নিষ্ক্রিয় রাখতে চায় না বিএনপি।

২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইতালির শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হলেও পরবর্তীতে কূটনৈতিক স্থবিরতা ও কার্যকর তদারকির অভাবে তা ব্যহত হয় বলেও জানান জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, এবার ২০৩১ সালের মধ্যে ইউরোপে দশ লাখ জনশক্তি পাঠানোর মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি। সংগঠনটি প্রস্তাব করেছে- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ইউরোপীয় উইং গঠন ইউরোপ ও বাংলাদেশ সরকারের দূতাবাসের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার।

এসময় কক্সবাজারসহ দেশের পর্যটন স্পটগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে বলেও জানান মন্ত্রী।

 

সম্পর্কিত খবর