‘ব্যালট বাক্সে হাত দিবেন তো বিপদে পড়বেন’

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কেউ ব্যালট বাক্সে হাত দিবেন না। হাত দিবেন তো বিপদে পড়বেন। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ; যারা নিজেরা আগুন দিয়ে অন্যকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর।

তিনি বলেন, বিশৃঙ্খলা, মারামারি ও রক্তপাতহীন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করেন, তাহলে ওই কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আপনি বিজয়ী হতে পারবেন না, বিজয়ী হলেও ঘোষণা হবে না, ঘোষণা না হলে গেজেট হবে না, গেজেট হলেও শপথ হবে না। সুতরাং কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবেন না। বিনয়ের সঙ্গে বলছি, আপনারা সহযোগিতা করলে ব্রাহ্মণপাড়ায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব।

সোমবার সকালে কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন। ভোট কেন্দ্রে যদি কেউ ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হাতে দমন করা হবে।

ব্রাক্ষণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

উপস্থিত ছিলেন- জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, দেবিদ্বার সার্কেলের এএসপি আমিরুল্লাহ, হোমনা সার্কেলের সিনিয়র এএসপি স্পিনা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ব্রাক্ষণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা, নির্বাচন কর্মকর্তা বুলবুল আহাম্মদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সরকার ও প্রশাসন একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন চায়। সেজন্য কঠোর অবস্থানে থাকবে পুলিশ প্রশাসন। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

সভায় উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর