বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধ
বৈদেশিক ঋণ পরিশোধের চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি (২০২৫-২৬) অর্থবছরের দুই মাসে (জুলাই-আগস্ট) বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ। পাশাপাশি বেড়েছে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থ ছাড়ের পরিমাণও।
রোববার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (জুলাই-আগস্ট) প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ৬৬ কোটি ৭১ লাখ ডলার। এর মধ্যে আসল ৪৮ কোটি ৮৭ লাখ ডলার এবং সুদ ১৭ কোটি ৮৩ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মোট পরিশোধ করা হয়েছিল ৫৮ কোটি ৯২ লাখ ডলার। এর মধ্যে আসল ৪১ কোটি ৫৬ লাখ ডলার এবং সুদ হিসাবে দেওয়া হয়েছিল ১৭ কোটি ৩৬ লাখ ডলার। এ হিসাবে তুলনা করলে দেখা যায়, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ৭ কোটি ৭৯ লাখ ডলার বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থবছরের দুই মাসে (জুলাই-আগস্ট) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া যায়, ২৪ কোটি ৩৮ লাখ ডলার। এর মধ্যে ঋণ ২৩ কোটি ২৫ লাখ ডলার এবং অনুদান ১ কোটি ১২ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে মোট প্রতিশ্রুতি এসেছিল ২ কোটি ডলার। এর মধ্যে পুরোটাই ছিল অনুদান। এক্ষেত্রে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর প্রায় ২১ কোটি ডলারের মতো বেশি এসেছে।
এদিকে চলতি অর্থবছরের দুই মাসে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৭৫ কোটি ডলার। এর মধ্যে ঋণ ৭৪ কোটি এবং অনুদান প্রায় ১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ৪৫ কোটি ৮২ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৩৮ কোটি ৬৯ লাখ ডলার এবং অনুদান ৭
১ লাখ ডলার।


