বিএসআরএম পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এ শেয়ার ক্রয় করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেয় বিএসআরএমের অন্যতম এ করপোরেট পরিচালক।
২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৯৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৪১৭ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৬২৬। এর ৪৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১৪ দশমিক শূন্য ২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৭ দশমিক ৪৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২১ দশমিক ৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।



