ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দরপতন
ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। চীন সাংহাইয়ে নয়দিনের লকডাউন ঘোষণা করায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। এটি পাম অয়েলের দরপতনে ভূমিকা রেখেছে। অন্যদিকে চলতি মাসে নিম্নমুখী রফতানিও দাম কমাতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।
সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুন সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম দশমিক ৬১ শতাংশ বা ৩৭ রিঙ্গিত কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৯৯০ রিঙ্গিত (১ হাজার ৪২২ ডলার ৮০ সেন্ট)।
চীনের আর্থিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র সাংহাই। শহরটিতে দুই ধাপে লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিজ ও টানেলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মূলত ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রোধে এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং। ফলে চাহিদায় ধসের আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ৪ ডলার করে কমেছে। এ কারণে বায়োডিজেল হিসেবে বাজারে পাম অয়েলের চাহিদায় কিছুটা নিম্নমুখিতা তৈরি হয়েছে।
এদিকে ১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ফেব্রুয়ারির একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৩০ হাজার ৯৪৩ টনে।
মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের পূর্বাভাস বলছে, চলতি বছর পাম অয়েলের বৈশ্বিক উৎপাদন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মালয়েশিয়ায় ১ কোটি ৮৯ লাখ ও ইন্দোনেশিয়ায় ৪ কোটি ৭১ লাখ টন উৎপাদন হবে।



