চীনে অ্যালুমিনিয়াম উৎপাদনে নিম্নমুখিতা অব্যাহত
চলতি বছরের প্রথম দুই মাসে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। মূলত সৌরবর্ষের ছুটি, কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও বিদ্যুতের নিয়ন্ত্রিত ব্যবহার উৎপাদনে নিম্নমুখী প্রভাব ফেলেছে। খবর নাসডাক।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীন ৬৩ লাখ ৩০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১ দশমিক ৪ শতাংশ। ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটি ৬৪ লাখ ৫০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করেছিল।
এদিকে চলতি দশকে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা বেড়ে নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। চাহিদা পূরণে বিগলন প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত অ্যালুমিনিয়াম উৎপাদন করতে হবে। চীন অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয়। কিন্তু দেশটির উৎপাদন কমতির দিকে থাকায় বাড়তে থাকা বৈশ্বিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) অধীনে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট প্রতিষ্ঠান সিআরইউ ইন্টারন্যাশনাল একটি সমীক্ষা চালিয়েছে। এতে কভিড-পরবর্তী অর্থনীতিতে প্রধান প্রধান অঞ্চল ও শিল্প খাতে ধাতুটির চাহিদার আদ্যোপান্ত তুলে ধরা হয়।
অপরচুনিটিজ ফর অ্যালুমিনিয়াম অন আ পোস্ট কভিড ইকোনমি শীর্ষক সমীক্ষায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা ৪০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে সব শিল্প খাতে ধাতুটির চাহিদার পরিমাণ ছিল ৮ কোটি ৬২ লাখ টন। কিন্তু ২০৩০ সালে চাহিদা বেড়ে ১১ কোটি ৯৫ লাখ টনে উন্নীত হবে। চাহিদা পূরণে বিগলন প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ৩ কোটি ৩৩ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করতে হবে।



