প্রায় ১৫ কোটি টাকা জমা দিল ওয়ালটন নেসলে ও রেনাটা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে ১৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছে দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন গ্রুপ, বহুজাতিক কোম্পানি নেসলে বাংলাদেশ ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড। সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে দেশী-বিদেশী কোম্পানি তিনটির প্রতিনিধিরা সাক্ষাৎ করে নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

এ সময় ওয়ালটন গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার ও মুহাম্মদ ওমর ফারুক রিপনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল তাদের গত এক বছরের লাভের পাঁচ ভাগের এক-দশমাংশ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকার চেক হস্তান্তর করেন। রেনাটা লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক খোকন চন্দ্র দাস তাদের লভাংশ্যের নির্দিষ্ট অংশ ৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৬৬০ টাকার চেক এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিপাল আবেউইকরেমার নেতৃত্বে কোম্পানির লভ্যাংশের অংশ হিসেবে ১ কোটি ৯৭ লাখ ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফাইন্যান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টর নমিত মিশ্র এবং রেনাটা লিমিটেডের ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

দেশী ও বিদেশী বিভিন্ন কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ৬৬৫ কোটি টাকা।

সম্পর্কিত খবর