প্রাইমের পর সানলাইফ ডোবাচ্ছেন রফিক
জিনান মাহমুদ:
প্রাইম লাইফের ১৭৫ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামী মো. রফিক আহমেদ এখন সানলাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী হিসেবেও দায়িত্ব করছেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলার পাশাপাশি দূর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করলেও অদৃশ্য কারণে রফিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এমন একজন বিতর্কিত কর্মকর্তা এখনো বহাল তবিয়তে থাকায়- ক্ষোভে ফুঁসে উঠেছেন সানলাইফ ও প্রাইম লাইফের কর্মকর্তা ও সাধারণ গ্রাহকরা।
জানা গেছে, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৭৫ কোটি টাকা আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে দুদকের তদন্তের মুখে পড়েছেন কোম্পানিটির সাবেক প্রধান হিসাব কর্মকর্তা (সিএফও) মো. রফিক আহমেদ। দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান এই অনুসন্ধান চালাচ্ছেন।
২০২২ সালের ডিসেম্বরে প্রাইম ইসলামী লাইফের তৎকালীন সিইও আপেল মাহমুদ দুদকে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে রফিক আহমেদ ছাড়াও সাবেক চেয়ারম্যান এম এ খালেক, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরামর্শক কাজী মো. মোরতুজা আলী, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং সাবেক কোম্পানি সচিব হাবিবুর রহমানের নাম রয়েছে।
২০২৫ সালে দায়ের করা মামলায় প্রাইম লাইফের সাবেক সিএফও হিসেবে রফিককেও আসামি করা হয়েছে। পিএফআই সিকিউরিটিজের নামে বেআইনি ঋণ সুবিধা দিয়ে কোম্পানির ১৭৫ কোটি টাকা আত্মসাৎ এবং জমি কেনা ও উন্নয়ন ব্যয়ের নামে বিপুল পরিমাণ অর্থ তছরুপের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অর্থ কেলেঙ্কারি গুরুতর অভিযোগ থাকার পরও রফিক আহমেদ বর্তমানে সানলাইফ ইন্স্যুরেন্সের সিএফও এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী হিসেবেও আসীন হয়েছেন। প্রাইম লাইফের অর্থ তছরুপের অভিযোগে নাম আসার পরও কীভাবে তিনি সানলাইফে এত বড় দায়িত্ব পেলেন- তা নিয়ে বীমা খাতে তীব্র প্রশ্ন উঠেছে।
দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০১৭ সালে ঢাকার বাংলামটরে ৩৭.৪৬ শতাংশ জমি কেনার দলিলমূল্য ১৭৫ কোটি ১২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট খরচসহ মোট ব্যয় প্রায় ১৯৬ কোটি ৬৪ লাখ টাকা দেখানো হয়। কিন্তু মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী জমিটির প্রকৃত মূল্য ছিল প্রায় ১০২ কোটি টাকা। এর ফলে প্রায় ৭২ থেকে ৭৩ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ঢাকার গোড়ান চটবাড়ী এলাকায় ৩৮১.৭৪ শতাংশ জমি ৫ কোটি ১৪ লাখ ১ হাজার টাকায় কেনা হলেও জমি ভরাট ও উন্নয়নের নামে প্রায় ৫৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়। সব মিলিয়ে জমি কেনা ও উন্নয়নে প্রায় ৬২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় দেখিয়ে এর মধ্য থেকে ২৩৭.১৫ শতাংশ জমি অন্য একটি ইসলামী জীবন বীমা কোম্পানির কাছে ৭১ কোটি ১৫ লাখ টাকায় বিক্রয় দেখানো হলেও প্রকৃত কোনো অর্থ লেনদেন হয়নি।
বীমা খাতের নিয়ম অনুযায়ী জমি কেনা-বেচার ক্ষেত্রে আইডিআরএর পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও অভিযুক্তরা তা তোয়াক্কা করেননি। যার ফলে কর্তৃপক্ষ প্রাইম ইসলামী লাইফকে জরিমানা করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। এ ছাড়াও, অভিযুক্তদের অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে হাইকোর্ট বিভাগে মামলা রয়েছে। তাদের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের আদেশ দেয় হাইকোর্ট।
এদিকে সানলাইফের রফিককে ঘিরে সোস্যাল মিডিয়া জুড়ে চলছে ক্ষোভ। তীব্র সমালোচনা করছেন সাধারণ গ্রাহক ও মাঠকর্মীরা। তাদের দাবি, সানলাইফ ধ্বংসে রফিক অনেকাংশে দায়ী। তাঁর স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আইডিআরএর কাছে অভিযোগ দিয়েছেন। এমনই একজন ভুক্তভোগী হলেন প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা শামীম হোসেন। তিনি অর্থবাংলাকে বলেন, প্রাইম শেষ করে সানলাইফ ডোবাচ্ছেন রফিক। তাঁর একচ্ছত্র আধিপত্যে সানলাইফ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। রফিকের খামখেয়ালি ও একগুঁয়েমির কারণে বছরের পর বছর ঘুরেও চেক না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো গ্রাহক। বিতর্কিত ও দুর্নীতিবাজ এই কর্মকর্তার বেপরোয়া দৌরাত্ম্য থামাতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ভয়াবহ আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাৎ মামলার আসামিকে এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা এবং নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি বীমা খাতের সুশাসন ও আস্থার ওপর বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। স্বাভাবিকভাবেই এ ধরনের একজন বিতর্কিত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা এবং সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হওয়া যৌক্তিক বলেও মত দেন তাঁরা।
এদিকে, দুর্নীতি ও লুটপাটের সমস্ত অভিযোগ অস্বীকার করে সানলাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিক আহমেদ অর্থবাংলাকে বলেন, “আমি কোনো অনিয়ম ও দুর্নীতি করিনি। অনেক মামলা বাতিল হয়ে গেছে। আদালতে বাকি মামলারও সমাধান হবে।”
এ বিষয়ে আইডিআরএর লাইফ সদস্য আপেল মাহমুদ অর্থবাংলাকে বলেন, “কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না। বীমা খাতের শৃঙ্খলা রক্ষায় এসব অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র সাদিক আরমান বলেন, “অর্থ আত্মসাৎ, দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ এবং আদালতে মামলা বিচারাধীন থাকার বিষয় আইডিআরএর সর্বোচ্চ নজরে রয়েছে। বীমা খাতের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে বা আইনি প্রক্রিয়ায় যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি বা নিয়মনীতি লঙ্ঘনের সত্যতা প্রমাণিত হয়, তবে তাঁর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”



