প্রথম প্রান্তিকে লোকসান কমেছে বিচ হ্যাচারির
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৭ পয়সা। সেই হিসাবে লোকসান কমেছে ২ পয়সা বা ২৮ দশমিক ৫৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৫৩ পয়সা। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে উদ্যোক্তা বাদে বাকি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২২ ডিসেম্বর। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তার আগে শেয়ারটি স্পট মার্কেটে লেনদেন হবে। এজন্য আগামী ১৯ ডিসেম্বর থেকে শেয়ারটি স্পট মার্কেটে যাচ্ছে। ২১ ডিসেম্বর পর্যন্ত এ মার্কেটেই শেয়ারটি লেনদেন হবে। এ সময়ে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।


