প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা কাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৯৮ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ টাকা ৭৫ পয়সা। অন্যদিকে সমাপ্ত ২০২১ হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময় হয়েছিল ৯৩ পয়সা। সে হিসেবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬১ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এর আগে ২০১৯ হিসাব বছরে ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।



