প্যাসিফিক ডেনিমসের সাড়ে ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের সাড়ে ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। কোম্পানিটির দুজন উদ্যোক্তা পরিচালক ও এক করপোরেট পরিচালক নিজেদের হাতে থাকা কোম্পানিটির এসব শেয়ার বিক্রি করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি সম্পন্ন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্যাসিফিক ডেনিমসের উদ্যোক্তা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) ও মো. শাদেকুল আলম (ইয়াসিন) নিজেদের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করবেন। এর মধ্যে শফিউল আজমের হাতে বর্তমানে কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪২১টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি সাড়ে ৮ লাখ শেয়ার বিক্রি করবেন। আর শাদেকুল আলমের হাতে রয়েছে ১ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৯টি শেয়ার। এর মধ্য থেকে তিনি ৫ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন।
অন্যদিকে প্যাসিফিক ডেনিমসের অন্যতম করপোরেট পরিচালক ডিজনি প্রোপার্টিজ লিমিটেডের হাতে বর্তমানে কোম্পানিটির ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ১ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮১ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৮১৫। এর মধ্যে ৩০ দশমিক ৯৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৩ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


